তানভীর খান : রাজধানীতে পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ এবং নাগরিক সচেতনতা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। নগরবাসীর মধ্যে নিজ আঙিনা পরিষ্কার রাখা, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং যত্রতত্র বর্জ্য না ফেলার মতো অভ্যাস গড়ে তুলতে মাঠে নামানো হচ্ছে ‘সিটি ইন্সপেক্টর’।
বুধবার (১০ জুন) নগর ভবনের মিলনায়তনে ‘নিজে বদলাই, ঢাকা বদলাবে’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
ডিএসসিসির উদ্যোগে এবং ‘আছি বাংলাদেশ’ এএসিএইচআয়ের অর্থায়নে রাজধানীর মতিঝিলের ৯ নম্বর ওয়ার্ডে ‘পরিচ্ছন্ন আঙিনা’ শীর্ষক ছয় মাসব্যাপী একটি পাইলট প্রকল্প শুরু হয়েছে। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত চলা এ প্রকল্পে ২০ জন সিটি ইন্সপেক্টর মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক মো. আবদুস সালাম বলেন, একটি শহরকে পরিচ্ছন্ন রাখা শুধু সিটি কর্পোরেশনের দায়িত্ব নয়, এর জন্য নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। প্রতিটি বাড়ি, দোকান ও প্রতিষ্ঠানের আঙিনা পরিষ্কার থাকলে পুরো নগরই বাসযোগ্য হয়ে উঠবে।
তিনি বলেন, সিটি ইন্সপেক্টরদের মূল দায়িত্ব হবে নাগরিকদের সচেতন করা এবং পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তুলতে সহযোগিতা করা। স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ উদ্যোগ ডেঙ্গু প্রতিরোধ, বায়ুদূষণ হ্রাস এবং নগর পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিএসসিসি জানায়, মতিঝিল ৯ নম্বর ওয়ার্ডকে ১০টি জোনে ভাগ করে ২০ জন সিটি ইন্সপেক্টর বাড়ি, দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠানে সরাসরি গিয়ে নাগরিকদের সঙ্গে যোগাযোগ করবেন। তারা সচেতনতামূলক লিফলেট বিতরণ, এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল শনাক্ত এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন।
এছাড়া নাগরিকরা নির্ধারিত স্থানে বর্জ্য ফেলছেন কি না এবং পরিচ্ছন্নতা বজায় রাখার দায়িত্ব যথাযথভাবে পালন করছেন কি না, তা তদারকি ও জরিপ করা হবে। দায়িত্বশীল ও দায়িত্বহীন নাগরিকদের চিহ্নিত করে সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির উদ্যোগও নেয়া হবে।
প্রশাসক জানান, মতিঝিলের ৯ নম্বর ওয়ার্ডে প্রকল্পটি সফল হলে পর্যায়ক্রমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব ওয়ার্ডে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
অনুষ্ঠানে ‘আছি বাংলাদেশ’-এর প্রতিনিধিবৃন্দ, সিটি ইন্সপেক্টর, ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তানভীর/ হাফিজ/ আয়না নিউজ