দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৯ জন রোগী।
বুধবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব অনুযায়ী দেশের বিভিন্ন এলাকায় শিশুদের মধ্যে হামের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৯ শিশু সন্দেহজনকভাবে হামে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ৯৪ জনের শরীরে হাম ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া হামের মতো উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৯৪৫ জন রোগী।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ১০ জুন পর্যন্ত সময়ে দেশে মোট ৮২ হাজার ২৯ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ৯ হাজার ৯২৭ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।
অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে ৬৬ হাজার ৯৯৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ হাজার ১৪৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কয়েক হাজার রোগী।
এদিকে মৃত্যুর সংখ্যাও ক্রমেই বাড়ছে। সর্বশেষ আটজনের মৃত্যুর পর চলতি বছরে হামে ও হাম-সদৃশ উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, নিশ্চিত হাম সংক্রমণে এখন পর্যন্ত মারা গেছে ৯২ জন শিশু। এছাড়া হামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৫৪৭ জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের টিকাদান নিশ্চিত করার পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসা নেয়ার আহবান জানিয়েছে।
হাফিজ/ আয়না নিউজ