ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যুতে নতুন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরানের কাছ থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম গ্রহণের জন্য ওয়াশিংটনের কোনো চুক্তির প্রয়োজন নেই।
স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র চাইলে এখনই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম পেতে পারে এবং এ ক্ষেত্রে ইরান বাধা দিতে পারবে না।
তিনি বলেন, “আমরা চাইলে এখনই সেটা (সমৃদ্ধ ইউরেনিয়াম) পেতে পারি। আমার মনে হয় না, আমরা চাইলে তারা আমাদের থামাতে পারবে। তবে এর কোনো প্রয়োজন নেই। এটা এখন চাপা পড়ে আছে।”
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে বৈঠকের বিষয়ে ট্রাম্প বলেন, তার সঙ্গে সাক্ষাতের কোনো ইচ্ছা নেই। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো সমঝোতা বা চুক্তি হলে বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি।
তিনি আরও বলেন, “আর যদি এমনটা ঘটে, তাহলে আমি সম্মানজনক আচরণই করব।”
প্রসঙ্গত, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি এবং সমৃদ্ধ ইউরেনিয়াম ঘিরে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। পশ্চিমা দেশগুলোর দাবি, ইরানের কাছে উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা আরও প্রক্রিয়াজাত করলে অস্ত্র তৈরির উপযোগী উপাদানে রূপ নিতে পারে।
অন্যদিকে তেহরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক নজরদারির আওতায় পরিচালিত হচ্ছে। ইরান ইউরেনিয়াম দেশের ভেতরেই রাখতে চায়, তবে আন্তর্জাতিক পর্যবেক্ষণের অধীনে রাখার কথা বলছে।
বিশ্লেষকদের মতে, ইউরেনিয়াম মজুত, সমৃদ্ধকরণের মাত্রা এবং ভবিষ্যৎ ব্যবস্থাপনা এই তিনটি বিষয়ই বর্তমানে ইরান-যুক্তরাষ্ট্র সম্ভাব্য আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে, যা দুই দেশের মধ্যে নতুন কোনো সমঝোতায় পৌঁছানোর ক্ষেত্রে বড় বাধা হয়ে আছে।
হাফিজ/ আয়না নিউজ