| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

  • আপডেট টাইম: 05-06-2026 ইং
  • 1256 বার পঠিত
উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

আগামী সপ্তাহে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই সফরকে বেইজিং ও পিয়ংইয়ংয়ের সম্পর্ক জোরদারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শুক্রবার জানিয়েছে, আগামী ৮ জুন থেকে শুরু হওয়া দুই দিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়া যাবেন প্রেসিডেন্ট শি জিনপিং। সফরকালে তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করবেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থাও সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

তবে সফরের মূল এজেন্ডা বা আলোচ্যসূচি সম্পর্কে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করেনি বেইজিং। দুই দেশের পক্ষ থেকেই সফরের বিভিন্ন বিষয় আপাতত গোপন রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, পিয়ংইয়ংয়ে দুই নেতার বৈঠকেই দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।

চীন ও উত্তর কোরিয়ার মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে। কোরীয় যুদ্ধের সময় থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বেইজিং পিয়ংইয়ংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে বিবেচিত হয়ে আসছে। অর্থনৈতিক ও কূটনৈতিক দিক থেকেও দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রয়েছে।

এটি হবে ২০১৯ সালের পর শি জিনপিংয়ের প্রথম উত্তর কোরিয়া সফর। একই সঙ্গে এটি ২০২৬ সালে তার প্রথম বিদেশ সফরও। সাম্প্রতিক বছরগুলোতে কিছুটা শীতল হয়ে পড়া চীন ও উত্তর কোরিয়ার সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করার প্রচেষ্টার অংশ হিসেবে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

সম্প্রতি বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পৃথক রাষ্ট্রীয় সফরে স্বাগত জানিয়েছেন শি জিনপিং। ফলে উত্তর কোরিয়া সফরকে আঞ্চলিক কূটনীতি ও শক্তির ভারসাম্যের দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিশ্ব রাজনীতির ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে শি জিনপিংয়ের পিয়ংইয়ং সফরকে এশিয়ায় নতুন কূটনৈতিক সমীকরণের সম্ভাব্য সূচনা হিসেবেও দেখছেন অনেক পর্যবেক্ষক।

আল রাজীব/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪