নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লাইন লিকেজ থেকে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ১২ জন দগ্ধ হয়েছে বলে জানা গেছে। বুধবার (১৩ এপ্রিল) দুপুরে দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বুধবার বেলা ১টায় বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব ক্যান্টিনে দুপুরে কর্মকর্তা-কর্মচারীরা খাবার খাওয়ার সময় হঠাৎ ক্যান্টিনের ভেতরে গ্যাস লিকেজ থেকে প্রচণ্ড শব্দে বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ক্যান্টিনে অবস্থানরতরা দগ্ধ হন।
জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের কর্মরত দগ্ধ নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), আল-আমিন (৪০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) এবং বদরুল হায়দার (৫০)। এদের শরীরের বিভিন্ন অংশ, বিশেষ করে হাত, মুখ ও পা ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন-
রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন দুপুরে কারখানা থেকে দগ্ধ ১২ জন রোগীকে হাসপাতালে আনা হলে তাদের জরুরি বিভাগে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে বিস্তারিত জানানো হবে।
বিদ্যুৎকেন্দ্রের সেফটি কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, দগ্ধদের মধ্যে বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তাদের পাশাপাশি ক্যান্টিন বয় আমির, শংকর, কাওছার ও আলআমিন আহত হয়েছে। দুপুরে রান্নার পর অসাবধানতা বসত গ্যাসের চুলার গ্যাস চালু থাকায় আগুন ধরাতেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
এফ এ/আয়না