দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৯ জন শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে বলে শনাক্ত করা হয়েছে। বাকি ৬ জন শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
একই সময়ে নতুন করে ১ হাজার ১৯২ জন শিশু আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত দেড় মাসে সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৪২৪ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৬৮ জনের এবং হামের উপসর্গে মৃত্যু হয়েছে আরও ৩৫৬ জন শিশুর।
এই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৭ হাজার ২৪ জন শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫১ হাজার ৫৬৭ জন শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এই বিভাগে হাম ও হামের সন্দেহে মোট ১৮৬ জন শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ২৭ হাজার ৯৩২ জন।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এসব পরিসংখ্যান ১৫ মার্চ সকাল ৮টা থেকে ১২ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের।
হাফিজ/ আয়না নিউজ