তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয় এবার বাস্তব রাজনীতির মঞ্চে নতুন অধ্যায় শুরু করলেন। রোববার (১০ মে) চেন্নাইয়ের জওহরলাল নেহেরু ইনডোর স্টেডিয়াম-এ আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।
শপথ অনুষ্ঠানে সাদা শার্ট ও ব্লেজারে উপস্থিত বিজয়কে ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তিনি শপথ নেয়ার সময় পুরো স্টেডিয়াম করতালিতে মুখর হয়ে ওঠে। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে উপস্থিত ছিলেন বিজয়ের বাবা-মাও।
অনুষ্ঠানে বিশেষভাবে নজর কাড়েন অভিনেত্রী তৃষা কৃষ্ণান। নীল সিল্কের শাড়িতে তার উপস্থিতি ভক্তদের মাঝে বাড়তি আগ্রহ তৈরি করে।
নির্বাচনে বিজয়ের দল টিভিকে ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে কিছুটা পিছিয়ে ছিল। পরে কংগ্রেস, বাম দল ও কয়েকটি ছোট দলের সমর্থন পাওয়ায় সরকার গঠনের পথ সুগম হয়।
আরও পড়ুন :
অনুষ্ঠানে রাহুল গান্ধী-র উপস্থিতি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। এর মাধ্যমে দীর্ঘ সময় পর কংগ্রেস তামিলনাড়ুর শাসক জোটের অংশ হলো।
শপথের আগে রাজ্যপাল রাজেন্দ্র আরলেকার-কে উষ্ণ অভ্যর্থনা জানান বিজয়। রাজনৈতিক সৌজন্যের এই মুহূর্তও অনুষ্ঠানে আলোচনার জন্ম দেয়।
তবে শপথ নেওয়ার পরই বিজয়ের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের বিষয়টি। আগামী কয়েক দিনের মধ্যেই তাকে আস্থা ভোটের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
হাফিজ/ আয়না নিউজ