গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে বিক্ষুব্ধ জনতা তিন ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে। রোববার (১০ মে) ভোর ৪টায় উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এ ঘটনায় চোর চক্রের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানেও আগুন ধরিয়ে দেয় জনতা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায় বাগচালা এলাকার আবু বক্কর সিদ্দিকের বাড়িতে একটি পিকআপ ভ্যান নিয়ে ১০ থেকে ১২ সদস্যের একটি সশস্ত্র চোর চক্র হানা দেয়। গৃহকর্তা চোরদের উপস্থিতি টের পেয়ে চিৎকার শুরু করলে এলাকাবাসী তাদের ধাওয়া করে তিনজনকে ধরে ফেলে গণপিটুনি দিয়ে পিকআপ ভ্যানটিতে আগুন লাগিয়ে দেয়। এ সময় তাদের কাছ থেকে তালা কাটার সরঞ্জাম, চাপাতি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আরও পড়ুন-
রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত
কালিয়াকৈর থানা-পুলিশ ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত চোর চক্রের সদস্যদের পরিচয় জানা যায়নি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এফ এ/আয়না