| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত

  • আপডেট টাইম: 09-05-2026 ইং
  • 143738 বার পঠিত
রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মো. রিয়াদ রশিদ (২৮)। তিনি রুশ সেনাবাহিনীর একজন নিয়মিত সৈন্য হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত রিয়াদ রশিদ করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের বাসিন্দা। তার বাবা জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুর রশিদ। পাঁচ ভাইবোনের মধ্যে রিয়াদ ছিলেন চতুর্থ।

পরিবার জানায়, গত ৮ মে সন্ধ্যায় রিয়াদের মৃত্যুর খবর তার বন্ধু লিমন দত্ত সামাজিক যোগাযোগমাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে জানায়। এর আগে ২ মে রুশ সীমান্ত এলাকায় ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় তিনি নিহত হন। ওই ঘটনায় আরও দুই বাংলাদেশি ও একজন নাইজেরীয় নিহত হন এবং অন্তত তিনজন আহত হন। আহতদের মধ্যে লিমন দত্তও রয়েছেন, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং একটি পা হারিয়েছেন বলে জানা গেছে।

পরিবারের দাবি, রিয়াদ গত বছরের অক্টোবর মাসে একটি কর্মসংস্থান কোম্পানির মাধ্যমে রাশিয়ায় যান। পরে চলতি বছরের ৭ এপ্রিল তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দেন। তবে সেনাবাহিনীতে যোগ দেওয়ার বিষয়টি পরিবার আগে থেকে জানত না।

নিহতের বাবা আব্দুর রশিদ বলেন, সে যে সেনাবাহিনীতে যোগ দিয়েছে, আমরা কিছুই জানতাম না। জানলে কখনোই যেতে দিতাম না। এখন শুনছি ড্রোন হামলায় সব শেষ হয়ে গেছে, কিন্তু ছেলের মরদেহও খুঁজে পাচ্ছি না।

এ ঘটনায় জাফরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েম বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। নিহতের পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি এবং সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতার সুযোগ থাকলে তা নিশ্চিত করার চেষ্টা করা হবে।

করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরানুল কবির জানান, পুলিশ পরিবারের সঙ্গে কথা বলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে।

এদিকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪