| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে নতুন শিল্প পার্কে ২৫ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে: শিল্পমন্ত্রী

  • আপডেট টাইম: 09-05-2026 ইং
  • 144129 বার পঠিত
ঠাকুরগাঁওয়ে নতুন শিল্প পার্কে ২৫ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে: শিল্পমন্ত্রী

ঠাকুরগাঁও  প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে শিল্পায়ন সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন বৃহৎ শিল্প পার্ক গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী আরও শিল্পনগরী স্থাপনের পরিকল্পনাও সরকারের রয়েছে।

শনিবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁও বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী জানান, ঠাকুরগাঁওয়ে ইতোমধ্যে একটি ইপিজেড চালু রয়েছে, যেখানে বিভিন্ন শিল্প উদ্যোক্তা কার্যক্রম পরিচালনা করছেন। নতুনভাবে নির্মাণাধীন বিসিক শিল্পনগরীতে মূলত খাদ্য প্রক্রিয়াজাতকরণভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। ইতোমধ্যে একাধিক উদ্যোক্তার সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা প্লট নিয়ে শিল্প স্থাপনে আগ্রহ দেখিয়েছেন।

তিনি আরও বলেন, নতুন শিল্প পার্কটি প্রায় ৫০ একর জমির ওপর গড়ে তোলা হচ্ছে, যেখানে মোট ২৫১টি প্লট থাকবে। উদ্যোক্তারা একাধিক প্লট নিয়েও শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে পারবেন। এ উদ্যোগ বাস্তবায়িত হলে অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে।

আরও পড়ুন :

ঝিনাইদহে কালেক্টরেটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বেকারত্ব কমাতে সরকারের অগ্রাধিকার তুলে ধরে মন্ত্রী বলেন, জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তর করা এবং দক্ষ মানবসম্পদ তৈরি করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। সে উদ্দেশ্যেই দেশে নতুন নতুন শিল্প স্থাপন ও বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, কৃষি খাতের সঙ্গে সমন্বয় করে ঠাকুরগাঁওয়ে রপ্তানিযোগ্য ফসল উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে আলুভিত্তিক শিল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যাতে দেশে উৎপাদিত আলুর রপ্তানি সক্ষমতা বাড়ানো যায়।

পরিদর্শন শেষে তিনি পুরাতন বিসিক শিল্পনগরীর বিভিন্ন কারখানা ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, বিসিক শিল্পনগরীর কর্মকর্তারা, শিল্প উদ্যোক্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

সুজন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪