দেশে এসে পৌঁছেছে লেবাননের বৈরুতে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি নারী শ্রমিক দিপালী বেগমের (৩৪) মরদেহ। বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ এসে পৌঁছায়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৮ এপ্রিল লেবাননের রাজধানী বৈরুতের হামরা এলাকায় ইসরায়েলি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় দিপালী বেগম নিহত হন। তিনি ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার বাসিন্দা ছিলেন এবং প্রবাসে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
যুদ্ধ পরিস্থিতি ও আইনি প্রক্রিয়ার জটিলতার কারণে মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রায় এক মাস সময় লাগে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং আনুষ্ঠানিকভাবে মরদেহ হস্তান্তর করেন।
তিনি বলেন, দিপালী বেগমের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। সরকার নিহতের পরিবারের পাশে থাকবে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে নিয়ম অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও অস্থিরতায় এ পর্যন্ত অন্তত আটজন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে দিপালী বেগমসহ ছয়জনের মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। বাকি মরদেহগুলো ফেরানোর প্রক্রিয়া চলছে।
হাফিজ/ আয়না নিউজ