সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অহবানে আগামী ৭ জুন শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশন। এদিন বিকেল ৩টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন শুরু হবে।
বৃহস্পতিবার (৭ মে) জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন এই অধিবেশন মূলত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ, আলোচনা ও পাসের জন্য অনুষ্ঠিত হবে। নতুন অর্থবছরের বাজেটে সরকারের উন্নয়ন পরিকল্পনা, অর্থনৈতিক কৌশল এবং বিভিন্ন খাতভিত্তিক বরাদ্দের প্রতিফলন থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রাষ্ট্রপতির আদেশ জারির পর সংসদ সচিবালয় অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। সংসদ সচিবালয়ের উপসচিব শওকত আকবর স্বাক্ষরিত এক চিঠিতে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়কে এ সংক্রান্ত গেজেট প্রকাশের অনুরোধ জানানো হয়েছে।
এদিকে সংসদ বাংলাদেশ টেলিভিশন, বেতার, সংবাদপত্র ও অন্যান্য গণমাধ্যমে বিজ্ঞপ্তিটি প্রচারের জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রতি বছরের মতো এবারও জুন মাসে অনুষ্ঠিত হতে যাওয়া বাজেট অধিবেশনকে ঘিরে রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে গুরুত্ব বেড়েছে। অধিবেশনে নতুন অর্থবছরের বাজেট নিয়ে সংসদ সদস্যরা বিস্তারিত আলোচনায় অংশ নেবেন বলে জানা গেছে।
হাফিজ/ আয়না নিউজ