| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরে প্রায় ২ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

  • আপডেট টাইম: 22-04-2026 ইং
  • 455 বার পঠিত
যশোরে প্রায় ২ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

যশোরে প্রায় ৯০০ গ্রাম স্বর্ণ (গোল্ড পেস্ট আকারে) এবং বৈদেশিক মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত স্বর্ণ ও মুদ্রার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৯৩ লাখ ৪২ হাজার ১১ টাকা।

বুধবার (২২ এপ্রিল) ভোরে যশোর সদর উপজেলার নড়াইল মহাসড়কের তারাগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম ওয়াজিদ আলী। তিনি ভারতের মুম্বাইয়ের থানে জেলার ভিওয়ান্দি এলাকার বাসিন্দা আমিন আহমদ আনসারীর ছেলে।

পরে বিকেলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে বিজিবির একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। পরে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ওয়াজিদ আলীকে আটক করা হয়। তার কাছ থেকে ৯০০ গ্রাম ওজনের গোল্ড পেস্ট ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, আজারবাইজান, ভারত ও বাংলাদেশি মুদ্রা উদ্ধার করা হয়।

বিজিবির তথ্য অনুযায়ী, আটক ওয়াজিদ আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে জড়িত। তিনি ২০২৪ সাল থেকে ভারত, মধ্যপ্রাচ্য, মিশর ও বাংলাদেশে একাধিকবার যাতায়াত করেছেন। সর্বশেষ ২০ এপ্রিল তিনি মুম্বাই থেকে দুবাই হয়ে ঢাকা আসেন এবং সেখান থেকে সড়কপথে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে ফেরার পরিকল্পনা ছিল তার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছে বিজিবি।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪