কুমিল্লার বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় প্রায় এক দশক পর প্রথমবারের মতো একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম হাফিজুর রহমান, তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার। গ্রেফতারের পর আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।
বুধবার (২২ এপ্রিল) সকালে রাজধানীর কেরানীগঞ্জ এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তার রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকার পরিদর্শক তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয় এবং তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে।
পিবিআই সূত্রে জানা যায়, সম্প্রতি আদালতের নির্দেশে তনুর মরদেহ থেকে পাওয়া ডিএনএ নমুনা তিনজন সাবেক সেনা সদস্যের ডিএনএর সঙ্গে মিলিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়। তাদের মধ্যে সাবেক সার্জেন্ট জাহিদ, সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সাবেক সৈনিক শাহিদুল আলম রয়েছেন।
এর আগে গত ৬ এপ্রিল কুমিল্লার আদালত মামলার অগ্রগতি সম্পর্কে জানতে তদন্ত কর্মকর্তাকে তলব করেন এবং ডিএনএ পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি শেষে নিখোঁজ হন ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু। পরদিন সেনানিবাসের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করা হয়।
দীর্ঘ সময় ধরে থানা পুলিশ, ডিবি ও সিআইডি তদন্ত করেও মামলার কোনো সুনির্দিষ্ট অগ্রগতি হয়নি। পরে ২০২০ সালে মামলার তদন্তভার পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে পিবিআই ঢাকার পরিদর্শক মো. তরিকুল ইসলাম মামলাটির তদন্ত করছেন।
হাফিজ/ আয়না নিউজ