ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠক ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও আলোচনা শুরুর সম্ভাবনা তৈরি হয়েছে। তবে নতুন দফার আলোচনায় বসার আগে ওয়াশিংটন তেহরানের সামনে দুটি গুরুত্বপূর্ণ শর্ত তুলে ধরেছে বলে ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানিয়েছে এনডিটিভি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে নতুন করে আলোচনা দুই দিনের মধ্যেই শুরু হতে পারে। তার দাবি, কিছু “উপযুক্ত পক্ষ” ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী।
তবে আলোচনায় ফেরার আগে যুক্তরাষ্ট্র চায় গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে এবং বাধাহীনভাবে সব ধরনের জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রাখা হোক।
কূটনৈতিক সূত্রের বরাতে ইসরায়েলি কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, ওয়াশিংটন এ ক্ষেত্রে ‘পারস্পরিকতা’ নীতিতে অনড় অবস্থানে রয়েছে। অর্থাৎ, ইরান যদি কোনোভাবে এই প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বাধা দেয়, তবে যুক্তরাষ্ট্রও একই ধরনের পদক্ষেপ নিতে পারে বলে ইঙ্গিত দিয়েছে।
অন্যদিকে, দ্বিতীয় শর্ত হিসেবে যুক্তরাষ্ট্র বলছে—ইরানের আলোচনাকারী প্রতিনিধিদলের অবশ্যই ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর পূর্ণ অনুমোদন থাকতে হবে, যাতে যেকোনো চুক্তি চূড়ান্তভাবে গ্রহণযোগ্য হয় এবং পরবর্তীতে উচ্চপর্যায়ে আর কোনো জটিলতা তৈরি না হয়।
আরও পড়ুন :
‘ডানাযুক্ত উপগ্রহ’ মার্কিন ড্রোন হরমুজে বিধ্বস্ত
তবে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত এই দুই শর্তের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। এমনকি নতুন করে আলোচনায় বসার দাবিও ইরান অস্বীকার করেছে। দেশটি বরাবরই বলে আসছে, তারা যুক্তরাষ্ট্রের ওপর আস্থা রাখে না।
উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উন্নয়নকে কেন্দ্র করে ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা ও সামরিক সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। টানা ৪০ দিনের উত্তেজনার পর ৭ এপ্রিল থেকে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি কার্যকর হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।
হাফিজ/ আয়না নিউজ