নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে গণভোটের রায় ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী।
রোববার (১২ এপ্রিল) বিকেলে জেলা জামায়াতের উদ্যোগে শহরের বড় বাজার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় চৌরঙ্গি মোড়ে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমীর ও নীলফামারী -১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী -২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ। এছাড়াও সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনসিপি জেলা কমিটির সদস্য সচিব ডা.কামরুল হাসান দর্পণ। জেলা খেলাফত আন্দোলনের সভাপতি আব্দুস সালাম। জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম প্রমুখ।
বক্তব্য ও আল্টিমেটাম প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, দেশের মানুষ গণভোটের মাধ্যমে তাদের সুস্পষ্ট রায় জানিয়ে দিয়েছে। জুলাই সনদ আমাদের জাতীয় অস্তিত্ব রক্ষার লড়াই। এই সনদ বাস্তবায়নে কোনো প্রকার গড়িমসি সহ্য করা হবে না।
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারকে অবিলম্বে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় সাধারণ মানুষকে সাথে নিয়ে রাজপথে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
সুভাষ/ হাফিজ/ আয়না নিউজ