| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুই কমিটির আলাদা আয়োজন: বান্দরবানে সাংগ্রাই উৎসব ঘিরে জনমনে শঙ্কা

  • আপডেট টাইম: 11-04-2026 ইং
  • 199859 বার পঠিত
দুই কমিটির আলাদা আয়োজন: বান্দরবানে সাংগ্রাই উৎসব ঘিরে জনমনে শঙ্কা

বান্দরবান প্রতিনিধি: দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের প্রচলিত ঐতিহ্য ভেঙে এবার বান্দরবানে পাহাড়ি জনগোষ্ঠীর অন্যতম প্রধান বর্ষবরণ উৎসব সাংগ্রাই উদযাপিত হচ্ছে ভিন্ন দুই স্থানে ও দুই কমিটির আয়োজনে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

জানা গেছে, নবগঠিত কমিটি ঐতিহাসিক রাজার মাঠে ১১ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করেছে। তাদের কর্মসূচিতে রয়েছে বিভিন্ন খেলাধুলা, শোভাযাত্রা, ধর্মীয় বুদ্ধ স্নানানুষ্ঠান, পিঠা উৎসব এবং মৈত্রী পানি বর্ষণসহ লোকজ সাংস্কৃতিক আয়োজন।

অন্যদিকে, পুরাতন কমিটি প্রশাসন ও স্থানীয় রাজপরিবারের অনুরোধে সাঙ্গু নদীর তীরবর্তী উজানীপাড়ায় পৃথকভাবে উৎসব পালনের সিদ্ধান্ত নিয়েছে। কমিটির নেতারা জানিয়েছেন, মেয়াদ সংক্রান্ত জটিলতা ও নতুন কমিটির অনুমোদন ঘিরে সৃষ্ট পরিস্থিতির কারণে তারা আলাদা আয়োজন করতে বাধ্য হয়েছেন।

পুরাতন কমিটির সভাপতি চনুমং মার্মা বলেন, নির্ধারিত নিয়ম অনুযায়ী কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন কমিটি অনুমোদন দেওয়ায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে।

নতুন কমিটির সভাপতি উচথুই প্রু বলেন, রাজার মাঠে ঐতিহ্যবাহী ও বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাই উদযাপন করা হবে।

এদিকে স্থানীয়দের মধ্যে এ বিষয়ে ভিন্নমত দেখা দিয়েছে। কেউ কেউ মনে করছেন দুটি পৃথক আয়োজন উৎসবের ঐক্যের বার্তা ক্ষুণ্ন করতে পারে, আবার অনেকে মনে করছেন এতে অংশগ্রহণ ও উৎসবের পরিধি আরও বাড়বে।

সংশ্লিষ্টরা আশা করছেন, ভবিষ্যতে ঐক্যবদ্ধ উদ্যোগের মাধ্যমে সাংগ্রাই উৎসব আরও সমন্বিত ও সুশৃঙ্খলভাবে উদযাপিত হবে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪