কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী সীমান্ত এলাকায় পুঁতে রাখা ল্যান্ডমাইনের বিস্ফোরণে মো. সাদেক (২৫) নামে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। এতে তার এক পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং অপর পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত যুবক উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০ এলাকার বাসিন্দা। আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) আওতাধীন বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিআরএম-২১ থেকে প্রায় ১ কিলোমিটার দক্ষিণে এবং শূন্যরেখা থেকে আনুমানিক ১৫০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে ‘নারিকেল বাগান’ এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্যমতে, জীবিকার তাগিদে একদল জেলে মাছ ধরার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের ভেতরে প্রবেশ করেছিলেন। ফেরার পথে পুঁতে রাখা ল্যান্ডমাইনের বিস্ফোরণে সাদেক গুরুতর আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৬৪ বিজিবির অধিনায়ক জানান, আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সীমান্ত এলাকায় এ ধরনের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
হাফিজ/ আয়না নিউজ