ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নাঈম ইসলাম (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (সকাল ৬টা) উপজেলার সালন্দর ইউনিয়নের আলীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
তিনি বগুড়ার গাবতলী উপজেলার দুর্ঘাটা এলাকার বাসিন্দা। এছাড়া একটি সিরামিক প্রতিষ্ঠানের ডেলিভারি কর্মী হিসেবে কাজ করতেন।
আহতরা হলেন পিকআপচালক সফিকুল ইসলাম (৪৫) এবং বাসের হেলপার মো. বাবু মিয়া (৩০)। গুরুতর আহত অবস্থায় তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিরামিক পণ্যবোঝাই একটি পিকআপ ভ্যান ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে আলীর মোড়ে বিপরীত দিক থেকে আসা বিআরটিসি বাসের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাঈম ইসলাম নিহত হন।
ঠাকুরগাঁও ফায়ার স্টেশন সংযুক্ত সহকারী পরিচালকের দপ্তরের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মোজাম্মেল হক জানান, সংঘর্ষটি ছিল অত্যন্ত ভয়াবহ। এতে নিহত ব্যক্তির শরীর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত দুইজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
হাফিজ/ আয়না নিউজ