ঝিনাইদহের মহেশপুরে তেলবাহী ট্রাকের চাপায় ফুলঝুরি খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় তার ছেলে লাভলুর হোসেন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বুধবার (১৮ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার খালিশপুর কোল্ড স্টোর কারখানার পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফুলঝুরি খাতুন নিমতলা গ্রামের ফকির আহমেদের স্ত্রী এবং আহত ছেলে লাভলুর হোসেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, সকালে মা এবং ছেলে ভ্যানে করে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাক তাদের ভ্যানটিকে ধাক্কা দেয় এবং দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ফুলঝুরি খাতুনের মৃত্যু হয়। গুরুতর আহত লাভলুরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তার গ্রেফতারের জন্য অভিযান চলছে।