ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেওয়ার আহবান জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপি কখনো দেশের মাটি ও মানুষকে ছেড়ে যায়নি এবং ভবিষ্যতেও যাবে না।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, বিএনপির দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দলটি রাষ্ট্র পুনর্গঠনের উদ্যোগ নিতে চায়। সারা দেশের মানুষের বিএনপির কাছে অনেক প্রত্যাশা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের সেই প্রত্যাশা পূরণে দলটি পরিকল্পিতভাবে এগোচ্ছে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্মরণ করে তারেক রহমান বলেন, স্বৈরাচারী শাসনামলে দেশত্যাগের প্রস্তাব দেওয়া হলেও খালেদা জিয়া দেশ ছেড়ে যাননি। জীবনের শেষ পর্যন্ত তিনি দেশের মাটিতেই থেকেছেন এবং জনগণকে ছেড়ে যাননি। সে কারণেই বিএনপিরও শেষ ঠিকানা এই দেশ।
তিনি আরও বলেন, বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই দলের রাজনৈতিক ক্ষমতার একমাত্র উৎস। দলটির জন্মলগ্ন থেকেই জনগণের সমর্থন ছিল বলেই বিএনপি কখনো জনগণকে ছেড়ে যায়নি।
পথসভায় তারেক রহমান আশ্বাস দেন, বিদেশগামীদের যেন জমিজমা বিক্রি করতে না হয়, সে জন্য সরকারিভাবে দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে। এই ঋণের মাধ্যমে তারা বিদেশে যাওয়ার খরচ বহন করতে পারবেন এবং বিদেশে উপার্জিত অর্থ দিয়ে পরবর্তীতে তা পরিশোধ করতে পারবেন।
এ ছাড়া তিনি বলেন, দেশের তরুণদের দক্ষ করে গড়ে তুলতে দেশজুড়ে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। এসব প্রশিক্ষণের মাধ্যমে তরুণরা দেশে ও বিদেশে সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ পাবে, যা বেকারত্ব কমাতে ভূমিকা রাখবে।