| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জনগণই সব ক্ষমতার উৎস বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

  • আপডেট টাইম: 08-02-2026 ইং
  • 275386 বার পঠিত
জনগণই সব ক্ষমতার উৎস বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস। মানুষের সাধ্য ও ক্ষমতার বাইরে যা এমন কোনো প্রতিশ্রুতি দল কখনো দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না।

রোববার ( ০৮ ফেব্রুয়ারি ) বিকেলে রাজধানীর মিরপুর-১০ নম্বর সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ঢাকা-১৫ আসনের বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের সমর্থনে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। এ আসনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

তারেক রহমান বলেন, আমরা এমন প্রতিশ্রুতি দিচ্ছি, যা মানুষের পক্ষে বাস্তবায়ন সম্ভব। ইহজগতে অসম্ভব এমন কোনো প্রতিশ্রুতি বিএনপি দেয় না।

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে শুধু ভোটের দিন নয়, বরং দেশ পুনর্গঠন ও মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, “এই নির্বাচন হতে হবে দেশ পুনর্গঠনের নির্বাচন, মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন।”

বিএনপির নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে তিনি বলেন, এতে নারী, ছাত্রসমাজ, বেকার যুবক, কৃষক ও সাধারণ মানুষের জন্য সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরা হয়েছে। নারীদের ক্ষমতায়নের কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রতিটি ঘরে গৃহিণীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে।

কর্মসংস্থান প্রসঙ্গে তারেক রহমান বলেন, দেশের প্রতিটি এলাকায় অন্তত একটি করে ভোকেশনাল ইনস্টিটিউট গড়ে তোলা হবে, যেখানে ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তরুণরা দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবে। বিদেশগামী শ্রমিকদের জন্য স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে, যাতে চাকরির জন্য জমি বিক্রি করতে না হয়।

কৃষকদের প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশের কৃষক ভালো থাকলে বাংলাদেশও ভালো থাকবে।” এ জন্য কৃষি কার্ড চালু করা হবে এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে।

স্বাস্থ্যসেবা ও অবকাঠামো উন্নয়নের বিষয়ে তিনি জানান, গ্রামে গ্রামে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হেলথ কেয়ার কর্মী নিয়োগ করা হবে। ঢাকা-১৫ এলাকার মানুষের জন্য একটি হাসপাতাল স্থাপন এবং দীর্ঘদিন ঝুলে থাকা ১০০ ফিট রাস্তার কাজ দ্রুত শুরু করা হবে।

এর আগে তারেক রহমান নিজ সংসদীয় এলাকা ঢাকা-১৭ থেকে পথসভা শুরু করেন। পরে তিনি পল্লবীতে ঢাকা-১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হকের সমর্থনে পথসভায় বক্তব্য দেন। এছাড়া ঢাকা-১৪ আসনের প্রার্থী সায়েদুল ইসলাম তুলির সমর্থনে শ্যামলী ও বাড্ডা সাতারকুল এলাকাতেও পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

দেশ পুনর্গঠনের আহবান জানিয়ে তিনি বলেন, কথা একটাই, কাজ একটাই দেশকে পুনর্গঠন করতে হবে। আমাদের সবার প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ।

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ দলের নেতাকর্মীরা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪