বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সাধারণ নির্বাচনের পাশাপাশি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে বিএনপি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকবে।
রোববার ( ০৮ ফেব্রুয়ারি ) সকালে জগন্নাথপুর ইউনিয়নের গলিম বাবুরহাটে নির্বাচনী পথসভায় অংশগ্রহণকালে তিনি বলেন, আমাদের দেশে এক ব্যক্তির শাসন নষ্ট হোক, বিগত সরকারের মতো ফ্যাসিস্ট না হোক। জবাবদিহিতা থাকুক। দেশে এসব সংস্কার না হলে আমরা আবার পিছিয়ে পড়বো। সেজন্য সবাইকে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে।
মির্জা ফখরুল আরও বলেন, বাংলাদেশে সংখ্যালঘু বলতে কেউ নেই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই বাংলাদেশি। তিনি উল্লেখ করেন, বিএনপি অতীতে যেমন সবার পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।
পথসভায় তিনি ক্ষমতায় গেলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং সমৃদ্ধ দেশ গড়ার জন্য জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।