| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকায় আজ ৬ স্থানে তারেক রহমানের জনসভা

  • আপডেট টাইম: 08-02-2026 ইং
  • 275591 বার পঠিত
ঢাকায় আজ ৬ স্থানে তারেক রহমানের জনসভা

আর মাত্র চারদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক দলগুলো। এরই অংশ হিসেবে ঢাকা মহানগরে বড় পরিসরে গণসংযোগের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি।

দলটির চেয়ারম্যান তারেক রহমান টানা দুই দিনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে মোট ১৪টি নির্বাচনি জনসভায় অংশ নিয়ে বক্তব্য দেবেন। এর মধ্যে রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর উত্তরের ৬টি আসনে জনসভা করবেন তিনি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিটির মুখপাত্র মাহদী আমিন।

সূচি অনুযায়ী, রোববার দুপুর ২টায় ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বর থেকে জনসভা শুরু করবেন তারেক রহমান। এরপর তিনি পর্যায়ক্রমে পল্লবী, মিরপুর-১০, ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠ, শ্যামলী ক্লাব মাঠে বক্তব্য রাখবেন। দিনের শেষ জনসভা অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টায় বাড্ডার সাতারকুল সানভ্যালী মাঠে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিটি জনসভা নির্বাচনি এলাকার গুরুত্বপূর্ণ সংযোগস্থলে আয়োজন করা হয়েছে, যাতে সাধারণ ভোটারদের কাছে সহজে বার্তা পৌঁছানো যায়।

এদিকে, পরদিন সোমবার (৯ ফেব্রুয়ারি) তারেক রহমান নিজের নির্বাচনি এলাকা ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের ৭টি আসনে মোট ৮টি জনসভায় অংশ নেবেন। ওই দিন সকাল ১১টায় বনানী থেকে প্রচারণা শুরু করে তিনি কলাবাগান, পীর জঙ্গি মাজার রোড, বাসাবো, যাত্রাবাড়ী, জুরাইন ও ধূপখোলা মাঠ হয়ে সন্ধ্যা ৬টায় লালবাগ বালুর মাঠে শেষ জনসভায় বক্তব্য রাখবেন।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এসব জনসভা সফল হবে এবং ভোটের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪