| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৬ বছরে স্বৈরাচার শুধু নিজেদের স্বার্থ দেখেছে: তারেক রহমান

  • আপডেট টাইম: 07-02-2026 ইং
  • 276057 বার পঠিত
১৬ বছরে স্বৈরাচার শুধু নিজেদের স্বার্থ দেখেছে: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৬ বছর ধরে দেশে স্বৈরাচারী শাসন কেবল নিজেদের স্বার্থই দেখেছে। তিনি বলেন, “এই দেশকে নতুন করে পুনর্গঠন করা হবে।” শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ে বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে বেলা পৌনে ১২টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জনসভার মঞ্চে ওঠেন তারেক রহমান। মাঠ প্রাঙ্গণে প্রবেশের সঙ্গে সঙ্গে হাজার হাজার নেতা-কর্মী করতালি দিয়ে তাকে অভিবাদন জানান। তারেক রহমান হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন। দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ের মাটিতে পা রাখলেন বিএনপি চেয়ারম্যান।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ২০০৩ সালের ৪ জানুয়ারি ঠাকুরগাঁও থেকেই তৃণমূল পর্যায়ের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন শুরু করেছিলেন তারেক রহমান। ওই সম্মেলন উদ্বোধন করেছিলেন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। এ কারণে ঠাকুরগাঁওয়ে তারেক রহমানের আগমন বিএনপি নেতা-কর্মীদের কাছে বিশেষ আবেগের বিষয়, যার বহিঃপ্রকাশ নির্বাচনি সমাবেশে বিপুল জনসমাগমে দেখা গেছে।

জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক পয়গাম আলী। মির্জা ফয়সল আমিন বলেন, দেশনায়ক তারেক রহমানের আগমনকে ঘিরে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। নির্বাচনি সমাবেশে মানুষের ঢল নেমেছে।

সকাল থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে জনসভাস্থলে সমবেত হন। অনেকের হাতে ছিল ঠাকুরগাঁওয়ের সন্তান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের প্রার্থীদের ছবি সংবলিত প্ল্যাকার্ড।

সমাবেশে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার বিএনপির দলীয় প্রার্থীরা উপস্থিত ছিলেন। তারা হলেন—ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও-২ আসনে আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান জাহিদ, পঞ্চগড়-১ আসনে নওশাদ জমির, পঞ্চগড়-২ আসনে ফরহাদ হোসেন আজাদ এবং পঞ্চগড়-৩ আসনে মনজুরুল ইসলাম।

ঢাকা থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারে করে ঠাকুরগাঁওয়ে আসেন তারেক রহমান। পরে তিনি নীলফামারী ও দিনাজপুরেও পৃথক জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪