| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন

  • আপডেট টাইম: 06-02-2026 ইং
  • 276456 বার পঠিত
একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন

একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী থাকতে পারবেন না—এমন বিধান আইনগতভাবে প্রবর্তনের ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের আইনের মধ্যেই এই বিষয়টি নিশ্চিত করা হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফার মাধ্যমে অনেক আগেই এই প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করা হয়েছে। পরবর্তীতে সরকার গঠিত বিভিন্ন সংস্কার কমিশনে অন্যান্য দল এ বিষয়ে আলোচনা করলেও প্রধানমন্ত্রী পদে মেয়াদ সীমিত করার প্রস্তাবটি সর্বপ্রথম বিএনপিই দিয়েছে, যা নথিভুক্ত রয়েছে। এ কারণে এই কৃতিত্ব বিএনপি গ্রহণ করতে চায় বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠনে সক্ষম হলে সংবিধান ও দেশের আইনের মধ্যেই একজন ব্যক্তির প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ ১০ বছরের বেশি দায়িত্ব পালনের সুযোগ থাকবে না।

সংবিধান সংস্কারের প্রসঙ্গ তুলে ধরে তারেক রহমান বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে দীর্ঘদিন ধরেই সুশীল সমাজ ও সাংবাদিকদের মধ্যে আলোচনা চলে আসছে। বিএনপির ৩১ দফায় এই অনুচ্ছেদটি পর্যায়ক্রমে যৌক্তিক অবস্থানে আনার কথা বলা হয়েছে। দুই-একটি ব্যতিক্রম ছাড়া ধীরে ধীরে সংসদ সদস্যদের স্বাধীন মত প্রকাশের সুযোগ উন্মুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি।

গণতন্ত্রের প্রশ্নে তারেক রহমান বলেন, বাংলাদেশকে গণতান্ত্রিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে হলে ভোটাধিকার নিশ্চিত করা অত্যাবশ্যক। তিনি জোর দিয়ে বলেন, নির্বাচন হতে হবে নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য, যাতে জনগণের পূর্ণ আস্থা থাকে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের অভিজ্ঞতা অনুযায়ী ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের মতো নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা একমাত্র অরাজনৈতিক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমেই সম্ভব। এ কারণেই বিএনপি ৩১ দফায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার করেছে।

তারেক রহমান দাবি করেন, স্বৈরাচারী শাসনের সময় প্রায় আড়াই বছর আগে বিএনপি সর্বপ্রথম তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার বিষয়টি স্পষ্টভাবে উত্থাপন করেছিল। সংসদে প্রয়োজনীয় শক্তি পেলে বিএনপি অবশ্যই এই ব্যবস্থা ফিরিয়ে আনবে বলেও তিনি জানান।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪