| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াত দেশকে পেছনের দিকে নিতে চায়: মির্জা ফখরুল

  • আপডেট টাইম: 02-02-2026 ইং
  • 282899 বার পঠিত
জামায়াত দেশকে পেছনের দিকে নিতে চায়: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায় এবং দেশকে পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, ওরা এমন একটি দল, যারা আমাদের সামনের দিকে এগিয়ে যেতে বাধা দেয়। আমরা পেছনে যেতে চাই না, আমরা সামনে যেতে চাই।

সোমবার (২ জানুয়ারি) সকালে ঢোলারহাট ইউনিয়নের লালমিয়া মার্কেটে নির্বাচনী প্রচারণাকালে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, জামায়াতের আমির নারীদের বিষয়ে বক্তব্য দিয়েছেন বলে শোনা যাচ্ছে। “আমি জানি না সেটা সত্য না মিথ্যা। তবে যদি তিনি এমন কথা বলে থাকেন, তাহলে সেটা অন্যায়। বাংলাদেশের মহিলারা কখনোই এটা মেনে নেবে না,” বলেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, জামায়াতে ইসলামী নারীদের কাজ করতে দিতে চায় না। “তারা বলে, মহিলারা ঘরে থাকবে, কাজ করবে না। এমনকি গার্মেন্টস শ্রমিক নারীদের পাঁচ ঘণ্টার বেশি কাজ না করার কথাও বলেছে। তাহলে তারা কাজ না করলে খাবে কী?”—প্রশ্ন করেন বিএনপি মহাসচিব।

মেয়েদের শিক্ষা ও কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন, “আমাদের মেয়েরা যদি স্কুল-কলেজে না যায়, পড়াশোনা না করে, তাহলে চাকরি পাবে কোথায়? কোনো সরকার কাজ না করলে কাউকে টাকা দিয়ে বসিয়ে রাখবে—এটা বাটপারি ছাড়া কিছু না।”

নারী-পুরুষের সমানাধিকারের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশে নারী-পুরুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে। দেশের জনসংখ্যায় মেয়েদের সংখ্যা ছেলেদের তুলনায় বেশি। ইসলাম ধর্মেও বলা হয়েছে, মেয়েদের যে প্রাপ্য অধিকার, তা অবশ্যই দিতে হবে।”

এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪