মো. সুজন আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে নির্বাচনী গণসংযোগকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি ভালোবাসা ও সমর্থনের ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় নারী ভোটাররা।
গণসংযোগের একপর্যায়ে এক নারী ভোটার দীর্ঘদিন ধরে সঞ্চয় করা একটি মাটির ব্যাংক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে তুলে দেন। এ সময় তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রত্যাশায় এই সামান্য সঞ্চয় তিনি উপহার দিয়েছেন।
অপরদিকে, একই গণসংযোগে আরেক নারী ভোটার নিজ বাড়িতে পালন করা মুরগির কয়েক হালি ডিম বিএনপির মহাসচিবের হাতে তুলে দেন। সাধারণ মানুষের এই আন্তরিকতা ও আবেগপূর্ণ উপহার উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর নারী ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সাধারণ মানুষের ভালোবাসা ও ত্যাগই আমাদের রাজনীতির সবচেয়ে বড় শক্তি। এই ভালোবাসার ঋণ কোনোদিন শোধ করা যাবে না।”
গণসংযোগকালে বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।