শেখ হাসিনার হাত থেকে দেশ পরিত্রাণ পেয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশকে এখন কিছু ‘অর্বাচীন বালকদের’ হাত থেকেও রক্ষা করতে হবে।
শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর পল্টনের আনন্দ ভবনে বায়রা ও হাব নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, কিছু ছেলে আঙুল ফুলে কলাগাছ হয়ে লম্বা লম্বা কথা বলছে। ঘুম থেকে উঠে আল্লাহর নাম না নিলেও তারা আমার নাম নেয়। আরে ভাই, ঘুম থেকে উঠে আল্লাহর নাম নাও, প্রশংসা করো।
তিনি অভিযোগ করেন, ঢাকা-৮ আসনে এমন কিছু কর্মকাণ্ডের চেষ্টা চলছে, যার ফলে সারাদেশের ভোট বন্ধ হয়ে যেতে পারে। তবে এসব পরিস্থিতির মধ্যেও বিএনপি ধৈর্য ধরে সহ্য করছে বলে জানান তিনি।
তিনি বলেন, “আমাদের ধৈর্য আছে, কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙবে না—এমন নিশ্চয়তা দেওয়া যায় না। বিএনপি স্বচ্ছ নির্বাচন চায়।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “এই নির্বাচন কেউ দান করেনি। কেউ কেউ দাবি করে ৫ আগস্ট সবকিছু করে ফেলেছে, অথচ গত ১৭ বছরে আমরা কী পরিমাণ ত্যাগ করেছি, তা তারা ভুলে গেছে।”
তিনি আরও বলেন, শেখ হাসিনা পালানোর পর বিএনপির ভালো থাকার কথা থাকলেও বাস্তবে তা হয়নি। “কোনো স্বার্থে কেউ মির্জা আব্বাসকে এক কাপ চা পর্যন্ত খাওয়াতে পারেনি,” বলেন তিনি।
একটি দলের পক্ষ থেকে ৪০ লাখ বোরকা অর্ডার দেওয়ার বিষয়টি উল্লেখ করে এর পেছনে অসৎ উদ্দেশ্য রয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা।
নির্বাচনের ফলাফল প্রকাশে বিলম্ব হলে তা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। মির্জা আব্বাস বলেন, ভোটের পর যদি ১২ ঘণ্টার বেশি সময় ফল প্রকাশে দেরি করা হয়, তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। প্রয়োজনে ভোটের আগেই আন্দোলন গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, কেন্দ্রভিত্তিক ফল ঘোষণা না হওয়া পর্যন্ত কোনো পোলিং এজেন্ট কেন্দ্র ছাড়বে না।