জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহবান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জুলাই সনদের বাস্তবায়নের স্বার্থে জনগণকে এই রায়ের পক্ষে অবস্থান নেওয়ার অনুরোধ জানান তিনি।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, যারা ভোটের অধিকার, বাকস্বাধীনতা ও অর্থনৈতিক অধিকারের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করতে হলে জুলাই সনদের প্রতি সম্মান জানাতে হবে।
তিনি বলেন, “যে অধিকার ফিরিয়ে আনার জন্য আবু সাঈদ, ওয়াসিমসহ হাজারো মানুষ জীবন দিয়েছেন, সেই অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই আমরা তাদের আত্মত্যাগকে সম্মান জানাতে পারি। আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেটাকে বাস্তবায়ন করাও আমাদের দায়িত্ব।”
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটকেন্দ্রে দুটি ব্যালট পেপার থাকবে—একটি জাতীয় নির্বাচনের জন্য, অন্যটি গণভোটের জন্য। “ধানের শীষে সিল দেওয়ার পাশাপাশি গণভোটে অবশ্যই ‘হ্যাঁ’র পক্ষে রায় দেবেন,” বলেন তিনি।
তারেক রহমান আরও বলেন, ৫ আগস্টের গণবিপ্লবে সাধারণ মানুষের যে ঐক্য দেখা গেছে, তা ধরে রাখতে হবে। নিশিরাত বা ডামি নির্বাচনের যুগ শেষ হয়েছে উল্লেখ করে তিনি জনগণকে ভোটাধিকার প্রয়োগে সজাগ থাকার আহ্বান জানান।
রংপুরের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, রংপুরকে গরিব অঞ্চল হিসেবে দেখার সুযোগ নেই। এটি একটি অত্যন্ত সম্ভাবনাময় এলাকা। এখানে কৃষিভিত্তিক শিল্পকারখানা স্থাপন, ব্যবসায়ীদের বিশেষ সুবিধা প্রদান এবং ব্যাপক কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি স্থানীয় আইটি প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট সময়ের জন্য কর ছাড় দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
কৃষক ও নারীদের কল্যাণে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে। কৃষি কার্ডের মাধ্যমে এক ফসলের বীজ ও কীটনাশক বিনামূল্যে দেওয়া হবে। এছাড়া নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে।
সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, “আমরা আমাদের পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরেছি, এখন আপনাদের পরিকল্পনা কী?”
এ সময় জনতা ‘ধানের শীষ’ স্লোগান দিলে তারেক রহমান সবাইকে ফজরের নামাজ শেষে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।