| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জয়ী হলে সবার আগে জলাবদ্ধতা সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান

  • আপডেট টাইম: 28-01-2026 ইং
  • 292223 বার পঠিত
জয়ী হলে সবার আগে জলাবদ্ধতা সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান

ঢাকার উত্তরার দীর্ঘদিনের জলাবদ্ধতা, পানি ও গ্যাস সংকট সমস্যার সমাধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয়ী হলে সবার আগে এসব সমস্যার কার্যকর সমাধান করা হবে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত দেড়টার দিকে উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, “উত্তরার মানুষ নিয়মিত মাসিক বিল পরিশোধ করলেও ঠিকমতো পানি ও গ্যাস পায় না। এটা দীর্ঘদিনের দুর্ভোগ, যা অবিলম্বে সমাধান করা প্রয়োজন।”

বক্তৃতায় তিনি অভিযোগ করেন, অতীতে দেশে নতুন গ্যাসকূপ অনুসন্ধানের কাজে বাধা দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই বাধা দূর করে নতুন গ্যাসকূপ অনুসন্ধান, শিল্পকারখানা স্থাপন এবং কর্মসংস্থান বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

পানিসংকট প্রসঙ্গে বিএনপির চেয়ারম্যান বলেন, “দেশের খাল-বিলগুলো শুকিয়ে গেছে। উজানে বাঁধ নির্মাণের ফলে নদীগুলোর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। শুধু উত্তরার নয়, সারা দেশের পানির সমস্যা সমাধানে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”

এছাড়া উত্তরার মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের চিকিৎসাসেবার কথা উল্লেখ করে তিনি বলেন, এলাকায় একটি সরকারি হাসপাতাল অত্যন্ত প্রয়োজন। ধানের শীষ বিজয়ী হলে উত্তরায় সরকারি হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

বক্তব্যে ২০২৪ সালের ৫ আগস্টের ‘জুলাই অভ্যুত্থান’ সফল করতে উত্তরার মানুষের ভূমিকার কথাও স্মরণ করেন তারেক রহমান। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে উত্তরার বাসিন্দাদের অবদান ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে।

এর আগে বিএনপির চেয়ারম্যান গাজীপুর ও ময়মনসিংহে পৃথক নির্বাচনী জনসভায় বক্তব্য দেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪