বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে কর্মসংস্থান সৃষ্টি করে দেশের বেকার সমস্যা সমাধান করা হবে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহ জেলা সার্কিট হাউজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, বিএনপি মানুষের জন্য রাজনীতি করে এবং দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা শুধু বিএনপিরই আছে। দেশের বিদ্যমান সমস্যার সমাধান করতে হলে ধানের শীষে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপি চেয়ারম্যান আরও বলেন, একটি দল পালানো স্বৈরাচারের ভাষায় কথা বলছে এবং দুর্নীতি নিয়ে মিথ্যাচার করছে। অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয় উল্লেখ করে তিনি ফ্যামিলি কার্ড কর্মসূচির কথা তুলে ধরেন।
এর আগে সকাল ১১টা ৫ মিনিটে ময়মনসিংহের উদ্দেশ্যে গুলশানের বাসা থেকে রওনা হন তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমানের আগমন উপলক্ষে ৬৪ ফুট দৈর্ঘ্য ও ৪৪ ফুট প্রস্থের বিশাল সভামঞ্চ প্রস্তুত করা হয়। মঞ্চের মাঝখানে এলইডি স্ক্রিন এবং দুই পাশে ব্যানার টানানো হয়। বাম পাশে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ এবং ডান পাশে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা ব্যানার দেখা যায়।
জনসভাস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে সিএসএফ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন। পুরো এলাকা ২০টি সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হয়, যার মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।
দলীয় সূত্র জানায়, এর আগে ২০০৪ সালে ময়মনসিংহে প্রতিনিধি সভায় অংশ নিয়েছিলেন তারেক রহমান। দীর্ঘ বিরতির পর তার এই নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে ময়মনসিংহ নগরজুড়ে পোস্টার ও ব্যানারে তাকে স্বাগত জানানো হয়।
সফর শেষে ঢাকা ফেরার পথে গাজীপুর রাজবাড়ী মাঠে সন্ধ্যা ৬টায় এবং উত্তরা আজমপুর ঈদগাঁও মাঠে সন্ধ্যা ৭টায় আরও দুটি সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।