চট্টগ্রাম-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তার প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অপরদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির।
এর আগে প্রার্থিতা ফিরে পেতে চট্টগ্রাম-২ আসন (ফটিকছড়ি) থেকে বিএনপির মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীর হাইকোর্টে রিট দায়ের করেন।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি ঋণ পুনঃতফসিল হওয়ার পর সারোয়ার আলমগীরের নাম ঋণখেলাপির তালিকা থেকে বাদ দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রাখেন চেম্বার আদালত। তবে এর আগে, গত ১৮ জানুয়ারি চেম্বার জজ আদালত হাইকোর্টের ওই আদেশ স্থগিত করেছিলেন।
প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত ওই স্থগিতাদেশ দেন। এ সময় প্রিমিয়ার লিজিংয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মলয় কুমার রায়।
এরও আগে, হাইকোর্ট সারোয়ার আলমগীরের নাম ঋণখেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন। কিন্তু একইদিন নির্বাচন কমিশন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী হিসেবে সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করে।
হাইকোর্টের সর্বশেষ আদেশের ফলে সারোয়ার আলমগীরের নির্বাচনে অংশগ্রহণের পথ পুনরায় সুগম হলো।