দুর্নীতি, সন্ত্রাস ও মাদক নারায়ণগঞ্জ জেলার জন্য একটি বিশাল সমস্যা। এমনটাই বললেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এসব সমস্যা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে মা-বোনরা যেন রাস্তায় নিরাপদে চলাচল করতে পারেন, সে ব্যবস্থাও নিশ্চিত করা হবে।
রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জের কাঁচপুরে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, নারায়ণগঞ্জ শহরে অন্তত ২০টি স্পট রয়েছে যেখানে প্রকাশ্যে মাদকের ব্যবসা চলে। এসব স্পট চিহ্নিত করে মাদকের বিস্তার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলে দেশি ও বিদেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই বিএনপির অন্যতম লক্ষ্য। এতে করে যুবসমাজ যেমন আত্মনির্ভরশীল হবে, তেমনি দেশও উপকৃত হবে।
সমাবেশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান এবং জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজীব।
এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।