ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা আজ বৃহস্পতিবার থেকে। এরই অংশ হিসেবে বিএনপি তার নির্বাচনী প্রচারণা শুরু করছে সিলেট থেকে। বিএনপি সূত্র জানিয়েছে,নির্বাচনী প্রচারণায় দলটির চেয়ারম্যান তারেক রহমান আজ সিলেটের সাত জেলা সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে সমাবেশ করবেন।
তারেক রহমানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগরের চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। এরপর দুপুর ১টায় তিনি মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে নির্বাচনী প্রচারণায় যোগ দিয়ে সেখান থেকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে জনসভায় দুপুর আড়াইটায় জনসভায় অংশ নেবেন।
বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে নির্বাচনী সমাবেশ শেষে সেখান থেকে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে বিকেল ৫টায় জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই দিন সন্ধ্যা ৭টায় নরসিংদী পৌর পার্কের কাছে জনসভা শেষে সেখান থেকে রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকার আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান।
এর আগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে গতকাল বুধবার রাতে সিলেটে পৌঁছেছেন তারেক রহমান। রাত ৮টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সেখান থেকে সড়ক পথে হজরত শাহজালাল (রহ.)- এবং খাদিমনগরে হজরত শাহ পরাণ (রহ.)-এর মাজার জিয়ারতের পর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুর বাড়িতে রাত্রিযাপন করেন তারেক রহমান।