তিন দফা দাবিতে নির্বাচন কমিশন (ইসি) ভবন ঘেরাও কর্মসূচি চালিয়ে আসা বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল অবশেষে কর্মসূচিটি সাময়িকভাবে শেষ করার ঘোষণা দিয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই ঘোষণা দেন।
রাকিব জানান, নির্বাচন কমিশনের আশ্বাসের প্রেক্ষিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আলোচনার মাধ্যমে কর্মসূচি আপাতত সমাপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে কোনো রাজনৈতিক গোষ্ঠী বা ছাত্র সংগঠন ইসি প্রাঙ্গণে প্রবেশ করে জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করলে কিংবা নির্বাচন চলাকালে কমিশনকে সিদ্ধান্ত গ্রহণে বাধ্য করার উদ্যোগ নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।
রাকিব বলেন, “আমরা সাময়িকভাবে আমাদের এই কর্মসূচি সমাপ্তি ঘোষণা করছি। কিন্তু আবারও যদি কেউ এখানে মব তৈরি করে নির্বাচন বানচালের চেষ্টা চালায়, তাহলে ছাত্রদল কী করতে পারে তা আমরা দেখিয়েছি। আমাদের বাধ্য করবেন না, আমাদের হুংকার দেবেন না।”
তিনি আরও জানান, আগামী ২২ জানুয়ারি থেকে ছাত্রদল আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু করবে এবং ‘ষড়যন্ত্রকারীদের’ বিরুদ্ধে সতর্ক অবস্থানে থাকবে।
এর আগে বিকেল সোয়া ৫টার দিকে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজের সঙ্গে ছাত্রদলের চার সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে। এ সময় অতিরিক্ত সচিব আন্দোলন স্থগিতের আহ্বান জানান। জবাবে রাকিব অভিযোগ করেন, কমিশন প্রত্যাশা দেওয়ার পরও পরবর্তীতে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের কথায় অবস্থান পরিবর্তন করে।
আলী নেওয়াজ ছাত্রদলকে দাবিগুলোর বাস্তবায়ন পর্যবেক্ষণের অনুরোধ জানিয়ে আপাতত আন্দোলন স্থগিত করার আহ্বান জানান। তবে ছাত্রদল সভাপতি বলেন, আগেও কমিশনের অনুরোধে আন্দোলন স্থগিত করা হলেও একটি দাবি ছাড়া বাকি দাবিগুলো বাস্তবায়ন হয়নি।
পরবর্তীতে নিজেদের মধ্যে আলোচনা শেষে সন্ধ্যায় কর্মসূচি সাময়িকভাবে শেষ করার ঘোষণা দেয় ছাত্রদল।