বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরের মধ্যে ঢুকে তার চলন্ত গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দ্রুতবেগে পালিয়ে যাওয়া মোটরসাইকেল আরোহীকে এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
ঘটনার পাঁচ দিন পার হলেও মোটরসাইকেল ও চালককে চিহ্নিত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশ জানায়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হলেও সেখানে স্পষ্ট কোনো ভিজ্যুয়াল না পাওয়ায় শনাক্তকরণে জটিলতা দেখা দিয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করে ডিএমপির গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলাম বলেন, “এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। মৌখিকভাবে আমাদের জানানো হয়েছে। আমরা নিজ উদ্যোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছি। তবে ফুটেজ পরিষ্কার না হওয়ায় মোটরসাইকেল ও চালককে শনাক্ত করা সম্ভব হচ্ছে না। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।”
সাদা খামের ভেতরে কী ছিল—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “খামটি আমাদের হাতে দেওয়া হয়নি এবং আমরা দেখিওনি। তবে বিএনপি ও তারেক রহমানের নিরাপত্তায় নিয়োজিতদের কাছ থেকে আমরা জেনেছি, খামের ভেতরে কোনো চিঠি বা চিরকুট ছিল না। এটি সম্পূর্ণ খালি ছিল। টেপ দিয়ে খালি খামটি গাড়িতে লাগানো হয়েছিল। এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
উল্লেখ্য, গত বুধবার (১৪ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে গুলশানের ৬৫ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। তারেক রহমান তার কার্যালয় থেকে গাড়িতে করে বাসায় ফিরছিলেন। সে সময় একটি মোটরসাইকেল তার গাড়িবহরের মধ্যে ঢুকে পড়ে এবং তার চলন্ত বুলেটপ্রুফ গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দিয়ে দ্রুত সরে যায়।
ঘটনার সময় তারেক রহমান নিজ গাড়িতেই অবস্থান করছিলেন। তার গাড়ির সামনে ও পেছনে নিজস্ব নিরাপত্তা দলও মোতায়েন ছিল। ঘটনার পর বিষয়টি নিয়ে নিরাপত্তা সংশ্লিষ্ট মহলে উদ্বেগ দেখা দেয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।