| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল

  • আপডেট টাইম: 18-01-2026 ইং
  • 298569 বার পঠিত
ইসির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় নির্বাচন কমিশনের (ইসি) কিছু কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন, অনেক ক্ষেত্রে কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে, যা সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় হতে পারে। তবে বিদ্যমান ত্রুটিগুলো দ্রুত সমাধান করা হলে কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রোববার ( ১৮ জানুারি ) বিকেল ৪টা ৪৫ মিনিটে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের জন্য ইসিতে উপস্থিত হন মির্জা ফখরুল। তার নেতৃত্বে বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল ছিল — স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া। বৈঠক শেষে সন্ধ্যা ৬টার দিকে সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন তিনি।

মির্জা ফখরুল অভিযোগ করেন, ভোটারদের কাছে পৌঁছানো পোস্টাল ব্যালট ত্রুটিপূর্ণ এবং এটি নির্দিষ্ট একটি দলকে সুবিধা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। তিনি বললেন, “অনতিবিলম্বে প্রতীক সংবলিত সঠিক ব্যালট পেপার সরবরাহ করতে হবে।” তিনি ভোটারদের এনআইডি, বিকাশ নম্বর এবং মোবাইল নম্বর সংগ্রহের উদ্দেশ্য নিয়েও সংশয় প্রকাশ করেন।

প্রচারণার ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকায় একতরফা প্রচারণা চালানোর অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, “ঢাকার বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে ভোটার স্থানান্তর করা হয়েছে। আমরা চাই এর পূর্ণাঙ্গ তথ্য।”

তিনি কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পক্ষপাতমূলক আচরণকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। ব্যালট পেপারসহ নির্বাচন প্রক্রিয়ার সব কারিগরি ত্রুটি দ্রুত সমাধান করারও দাবি জানান।

মির্জা ফখরুল আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা মনে করি, এই কমিশন দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব। তবে কমিশনকে তাদের ত্রুটিগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং নিরপেক্ষতা প্রমাণ করতে হবে।”

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪