| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে পৃথক বিভাগ খোলা হবে : তারেক রহমান

  • আপডেট টাইম: 18-01-2026 ইং
  • 298647 বার পঠিত
জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে পৃথক বিভাগ খোলা হবে : তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে একটি পৃথক বিভাগ খোলা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

তারেক রহমান বলেন, বিএনপি অতীতে রাষ্ট্রক্ষমতায় থাকাকালে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গঠন করেছিল, যা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ ও আহত মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের দেখভাল করে আসছে। একইভাবে ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদ ও আহত যোদ্ধারাও মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন। তাদের পরিবারের কষ্ট ও সমস্যার সমাধানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আওতায় একটি নতুন বিভাগ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, “যাদের আমরা হারিয়েছি, তাদের ফিরিয়ে আনা সম্ভব নয়। তবে যারা পেছনে রয়ে গেছেন, তাদের পরিবারের সদস্যদের সুবিধা-অসুবিধার দেখভাল করার দায়িত্ব আমরা নিতে চাই।”

তারেক রহমান আরও বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতা অর্জনের জন্য জীবন ও ত্যাগ স্বীকার করেছিলেন। আর ২০২৪ সালের জুলাই আন্দোলনের যোদ্ধারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই করেছেন। সে কারণেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মধ্যেই এই নতুন বিভাগ গঠন করা হবে।

মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানও অংশ নেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪