বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপির ভদ্রতাকে দুর্বলতা হিসেবে দেখার কোনো সুযোগ দেওয়া হবে না। শনিবার ( ১৭ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
সভার আয়োজন করে ‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপি পরিবার’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনার শাসনামলে দেশ ‘মৃত্যু উপত্যকায়’ পরিণত হয়েছিল। বহু মানুষ গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। তিনি আরও বলেন, শিলংয়ের বন্দিশালায় থাকা অবস্থায় অনেকেই দোয়া করেছেন—পরিবারের সদস্যদের আর কখনও দেখতে পারবেন কি না। এ ধরনের নির্যাতনের পুনরাবৃত্তি রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, শান্তির স্বার্থে বিএনপি কিছু কর্মসূচি স্থগিত করেছিল। তবে কিছু রাজনৈতিক দল ও নির্বাচন কমিশন এটিকে দুর্বলতা মনে করেছে। তিনি জানান, বিএনপি কোনো ষড়যন্ত্রের অংশ হবে না এবং গণতান্ত্রিক পথে বাধা সৃষ্টির চেষ্টা সফল হতে দেয়া হবে না।