| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দায়িত্বশীল রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে: তারেক রহমান

  • আপডেট টাইম: 17-01-2026 ইং
  • 298566 বার পঠিত
দায়িত্বশীল রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে: তারেক রহমান

বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিভীষিকাময় দিন ও রাতের অবসান ঘটেছে এবং জনগণ এখন গণতন্ত্রের পথে অগ্রসর হচ্ছে।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ‘বিএনপি পরিবার ও মায়ের ডাক’-এর উদ্যোগে বিগত আন্দোলনে নিপীড়ন, গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের সম্মানে এ সভার আয়োজন করা হয়।

তারেক রহমান বলেন, যেসব পরিবার তাদের প্রিয়জন হারিয়েছেন মায়েরা সন্তান, বোনেরা স্বামী এবং সন্তানেরা পিতা হারিয়েছেন তাদের সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের নেই। একটি দুঃসহ সময় আমরা অতিক্রম করেছি।

তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের তীব্রতা কখনো কমেছে, কখনো বেড়েছে। তবে বছরের পর বছর গুম, খুন ও মিথ্যা মামলার শিকার হয়েও বিএনপির একজন নেতাকর্মী রাজপথ ছাড়েনি। একই পরিবারের একজন নিখোঁজ হওয়ার পর অন্যজন আরও দৃঢ় প্রত্যয়ে আন্দোলনে যুক্ত হয়েছেন।

বিএনপির চেয়ারম্যান বলেন, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন অবস্থান নেওয়া দলকে অপপ্রচার চালিয়ে দমন করা যাবে না, ইনশাআল্লাহ। ফ্যাসিবাদী আমলের নির্যাতনের শিকারদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সে জন্য সর্বশক্তি দিয়ে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রসঙ্গে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা গুম ও শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতি ভবিষ্যৎ রাষ্ট্র ও সরকারের বিশেষ দায়িত্ব রয়েছে। রাষ্ট্র কখনোই তাদের ভুলে যেতে পারে না।

সব শহীদের আত্মত্যাগ জনমনে স্মরণীয় করে রাখতে বিএনপির পক্ষ থেকে কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তবে নির্বাচন কমিশনের কিছু বিধিনিষেধের কারণে তাৎক্ষণিকভাবে সেসব পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা সম্ভব হচ্ছে না বলে উল্লেখ করেন। সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশনের কিছু বিতর্কিত ভূমিকার কথাও তুলে ধরেন তিনি, তবে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে ধৈর্য ধারণের আহবান জানান।

রাষ্ট্রীয় সহিংসতার শিকার পরিবারগুলোর জন্য রাষ্ট্রীয় সহায়তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, গণতন্ত্রপ্রিয় মানুষের সামনে একটি মানবিক ও দায়িত্বশীল রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে। তবে কিছু মহল গণতন্ত্রের এই পথকে ব্যাহত করার চেষ্টা করছে বলেও সতর্ক করেন তিনি।

তিনি দলমত নির্বিশেষে গণতন্ত্রে বিশ্বাসী সবাইকে সজাগ থাকার আহ্বান জানান, যাতে উসকানি ও বিতর্ক সৃষ্টি করে কেউ গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে না পারে।

ন্যায়বিচার নিশ্চিত করতে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, নির্যাতিত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ হলো জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো সরকার গঠন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, হুম্মাম কাদের চৌধুরী, আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ দলের নেতৃবৃন্দ ও আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪