বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো আইনগত বাধা থাকলে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানিয়েছেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তার জানা মতে কোনো আইনগত বাধা নেই। যদি কোনো বাধা থাকে, তা জানালে সরকার প্রয়োজনীয় সব সহযোগিতা করবে।
ড. আসিফ নজরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার ব্যাপারে কোনো আইনগত বাধা আছে বলে আমার জানা নেই। যদি কোনো বাধা থাকে, সেটা আমাদের জানালে আমরা অবশ্যই সর্বোচ্চ সহযোগিতা করবো। উনার নিরাপত্তার বিষয়ে আমরা সর্বোচ্চ ব্যবস্থা করবো।
তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় কোন সময় দেশে ফেরা উপযুক্ত হবে সে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তারেক রহমানেরই রয়েছে।
তিনি বলেন, আমার মনে হয়, কোনটা উপযুক্ত সময় সেটা নির্ধারণের ক্ষমতা উনার রয়েছে। উপযুক্ত সময়েই তিনি দেশে আসবেন বলে আমার বিশ্বাস।
তারেক রহমান কেন দেশে আসছেন না, এ প্রশ্নকে অরুচিকর বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। তিনি বলেন, মা-ছেলের ব্যক্তিগত সম্পর্ক কিংবা পারিবারিক সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করা শোভন নয়।
আইন উপদেষ্টা বলেন, এ ধরনের প্রশ্ন করা খুবই অরুচিকর। এটা মা-ছেলের সম্পর্ক। এখানে খালেদা জিয়ার কোনো নির্দেশনা আছে কি না, বা ব্যক্তিগতভাবে তারেক রহমান কী ভাবছেন—এসব নিয়ে মন্তব্য করা রুচিকর মনে হয় না।
তিনি আরও জানান, কখন আসবেন এবং কোন পদক্ষেপ নেবেন এ সিদ্ধান্ত তারেক রহমান ও তার পরিবারই সবচেয়ে ভালো জানেন।
ড. আসিফ নজরুলের এমন মন্তব্যের পর তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে।