বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার হননি। তবে আবেদন সাপেক্ষে এবং কমিশন চাইলে তিনি আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন এবং প্রার্থী হতে পারবেন বলে জানিয়েছেন, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
রাজধানীর আগারগাঁওয়ে সোমবার (১ ডিসেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
সচিব বলেন, তারেক রহমান ভোটার হয়েছেন কি না, আমার জানা মতে না। তবে কমিশন সিদ্ধান্ত দিলে তিনি ভোট দিতে পারবেন। কমিশনের সিদ্ধান্ত আইনের ভিত্তিতে হবে।
এদিকে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তার প্রার্থিতা বাতিল হবে।
তিনি বলেন, যেনতেনভাবে কোনো নির্বাচনের আয়োজন হবে না। যেখানে জরিমানা প্রয়োজন, সেখানে জরিমানা; আর যেখানে কারাদণ্ডের প্রয়োজন, ম্যাজিস্ট্রেটরা যথাযথ ব্যবস্থা নেবেন। সব সময় তারা তৎপর থাকবেন।
নির্বাচনের সময় পোস্টার বিষয়ে কমিশনার বলেন, এবার কোনো পোস্টার থাকবে না। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে আমরা কঠোর অবস্থান নেব। সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে।
আইন–শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি মনিটরিং সেল থাকবে। আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সমন্বিতভাবে যেকোনো মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারবে। কমিশন আশা করছে এবারের নির্বাচন হবে সর্বোত্তম।