| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্লট দুর্নীতির মামলা

হাসিনা ৫, রেহানা ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

  • আপডেট টাইম: 01-12-2025 ইং
  • 262015 বার পঠিত
হাসিনা ৫, রেহানা ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে প্লট বরাদ্দের অভিযোগে দায়ের করা দুর্নীতি মামলায় তিনজন ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদণ্ড পেয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকার বিশেষ জজ আদালত–৪ এর বিচারক রবিউল আলম রায় ঘোষণা করেন।

রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছর, তার বোন শেখ রেহানাকে ৭ বছর এবং মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মামলার মোট ১৭ জন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করেন আদালত।

রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই বিশেষ জজ আদালতের আশপাশে ছিল কড়া নিরাপত্তা। পুলিশ ও বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। আদালতের প্রধান ফটকে ছিল কড়া তল্লাশি।

নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, নিয়মিত নিরাপত্তার পাশাপাশি নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা, এবং সন্দেহজনদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মামলার অভিযোগপত্রে বলা হয়, পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নিতে ক্ষমতার অপব্যবহার করেছেন শেখ রেহানা। এ ঘটনায় চলতি বছরের ১৩ জানুয়ারি দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন মামলাটি দায়ের করেন।

মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও শেখ হাসিনাসহ মোট ১৫ জনকে আসামি করা হলেও পরে আরও দুইজনকে যুক্ত করে মোট আসামির সংখ্যা দাঁড়ায় ১৭।

অভিযোগের মধ্যে ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের বেশ কয়েকজন কর্মকর্তা। মামলায় মোট ৩২ জন সাক্ষ্য দিয়েছেন আদালতে।

রায় ঘোষণার আগে দুদকের পাবলিক প্রসিকিউটর মঈনুল হাসান বলেন, আমরা সব সাক্ষ্য-প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। এখন সিদ্ধান্ত আদালতের। আমাদের প্রত্যাশা ছিল সর্বোচ্চ শাস্তির।

রায় ঘোষণার পর আসামিপক্ষের আইনজীবীরা উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪