পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নিয়ে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের করা মামলার রায় আজ।
সোমবার (০১ ডিসেম্বর ) সকালে ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম রায় ঘোষণা করবেন।
গত ২৫ নভেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে আদালত আজকের তারিখ নির্ধারণ করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহম্মেদ সালাম বলেন, সাক্ষ্য-প্রমাণে তারা আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছেন এবং সকলের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড আশা করছেন।
মামলার অভিযোগে বলা হয়, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেন শেখ রেহানা। এ ঘটনায় গত ১৩ জানুয়ারি দুদকের উপপরিচালক সালাহউদ্দিন মামলা দায়ের করেন। মামলায় প্রথমে ১৫ জনকে আসামি করা হলেও তদন্ত শেষে মোট ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।
এ মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক কর্মকর্তা আনিছুর রহমান মিঞা, খুরশীদ আলম, তন্ময় দাস, নাসির উদ্দীন, মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, নুরুল ইসলাম, মাজহারুল ইসলাম, নায়েব আলী শরীফ এবং পরে যুক্ত হওয়া দু’জন সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন ও সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
গত ৩১ জুলাই আদালত তিনটি মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। এ মামলায় মোট ৩২ জন সাক্ষ্য দিয়েছেন।