রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে দায়ের করা তিনটি মামলার রায়ের জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য রয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এসব মামলায় রায় ঘোষণা করবেন।
এর আগে গত রোববার এসব মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা একমাত্র আসামি রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলমের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেন আদালত। অপর আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন হয়নি। তারা আত্মপক্ষ শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করতে পারেননি।
দুদক প্রসিকিউটর খান মো. মাইনুল হাসান (লিপন) জানান, আমরা আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যাশা করেছি। আশা করছি, আদালত থেকে সর্বোচ্চ সাজাটাই আসবে।
দুদক গত জানুয়ারিতে মোট ৬টি মামলা করে। আজ যেসব মামলার রায় ঘোষিত হওয়ার অপেক্ষায়। আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ আরও অনেক প্রভাবশালী ব্যক্তি।
এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও রাজউকের সাবেক ও বর্তমান কর্মকর্তারাও এসব মামলার আসামি।
গত ৩১ জুলাই আদালত-৫ তিন মামলায় অভিযোগ গঠন করেন। আর বাকি তিন মামলায় অভিযোগ গঠন করেন বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম।
দুদকের তদন্ত বলছে, সরকারের সর্বোচ্চ পদে থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে অযোগ্য হলেও শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেন।
এই মামলাগুলোতে আসামির সংখ্যা ১৫ থেকে ১৮ জন পর্যন্ত, যেখানে বিভিন্ন সময়ে তদন্তে নতুন আসামিও যোগ হয়।
আজ রায় ঘোষণার মধ্য দিয়ে এসব আলোচিত মামলার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে। আদালত কী রায় দেন সেটিই এখন দেখার বিষয়।