নাটকীয় অভিযানে চিত্রনায়িকা ইয়ামিন হক ববির কথিত স্বামী ও ব্যবসায়িক অংশীদার হিসেবে পরিচিত প্রযোজক মির্জা আবুল বাশার মামুনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। প্রতারণা, অর্থ আত্মসাৎ ও বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৯ জুন) দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকায় একটি বাসায় প্রায় ১৮ ঘণ্টা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির গুলশান অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, আবুল বাশারের বিরুদ্ধে অসংখ্য প্রতারণার অভিযোগ রয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ব্যবহার করেও বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতে কয়েকদিন ধরে তাকে নজরদারিতে রাখা হয়েছিলো।
বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হওয়ার পর বাসাটিতে অভিযান চালানো হয়। প্রথমে বাসার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে সন্দেহজনকভাবে বাথরুমের একটি ফলস সিলিং দেখতে পান পুলিশ সদস্যরা। সেখানে তল্লাশি চালাতেই তাকে গ্রেফতার করা হয়। গুলশানসহ রাজধানীর বিভিন্ন থানায় আবুল বাশারের বিরুদ্ধে প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রাজধানীর বাড্ডা, খিলক্ষেত, বনানী, ভাটারাসহ দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা রয়েছে। এছাড়া তিনি বিটিএল গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে পরিচিত হলেও প্রতিষ্ঠানটির বিরুদ্ধেও অর্থ আত্মসাৎ ও প্রতিশ্রুতি ভঙ্গের একাধিক অভিযোগ রয়েছে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। নাটকীয় এই গ্রেফতার ঘিরে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে নেটিজেনদের মধ্যে।
সূর্যয় / আয়না নিউজ