যত বাধা-বিপত্তি ও ষড়যন্ত্রই আসুক না কেন, নগরবাসীকে সঙ্গে নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উন্নয়নমূলক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর মিরপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আয়োজিত ‘শিশু সুরক্ষায় যুব কর্তৃক গৃহীত পদক্ষেপ’ শীর্ষক প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, ‘ভালো কাজের পথে অনেক বাধা-বিপত্তি থাকে। ৪১ বছরের রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা অতিক্রম করে আজকের অবস্থানে এসেছি। থেমে থাকলে চলবে না, সামনে এগিয়ে যেতে হবে। আমি বিশ্বাস করি, একসময় অবশ্যই সফল হব।
তিনি নগর উন্নয়ন কার্যক্রমে শিশু, অভিভাবক ও নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ কামনা করেন এবং জনকল্যাণমূলক কাজে সবার পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে মো. শফিকুল ইসলাম খান বলেন, নগরবাসীর সচেতনতা বৃদ্ধি ও উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ডিএনসিসির জনসেবামূলক উদ্যোগগুলো সঠিকভাবে প্রচারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর প্রতি বিশেষ আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, বাসাবাড়ি, ছাদ, ছাদবাগান ও অন্যান্য স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতার কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, ক্লিন ঢাকা-গ্রীন ঢাকা’ বাস্তবায়ন করতে হলে প্রথমে নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে, এরপর সবুজায়নের উদ্যোগ জোরদার করতে হবে।
সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং শিশু সুরক্ষায় কাজ করার জন্য ওয়ার্ল্ড ভিশনের প্রশংসা করেন ডিএনসিসি প্রশাসক। একই সঙ্গে লেগুনা, রিকশাসহ বিভিন্ন পরিবহনে কর্মরত সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কার্যকর উদ্যোগ নেয়ার আহবান জানান।
অনুষ্ঠানের শুরুতে তিনি প্রদর্শনীতে বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিশুদের উদ্ভাবনী কার্যক্রম ও সৃজনশীল উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
তানভীরে/ হাফিজ/ আয়না নিউজ