ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ এখন তুঙ্গে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ক্রীড়া আসরটি এবার বাংলাদেশে তিনটি টেলিভিশন চ্যানেল ও একাধিক ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানা গেছে।
দর্শকরা এবার সরাসরি ম্যাচ উপভোগ করতে পারবেন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি স্পোর্টস এবং সময় টিভি–এর পর্দায়। সম্প্রচার সংক্রান্ত বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
ফলে দেশের বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রেমীরা বিশেষ করে যারা সাধারণ টেলিভিশন দেখেন তারা সহজেই বিশ্বকাপের সব ম্যাচ উপভোগ করার সুযোগ পাবেন।
বাংলাদেশে প্রতি বিশ্বকাপ আসরেই আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, স্পেন ও পর্তুগালের মতো জনপ্রিয় দলের ম্যাচ ঘিরে ব্যাপক উন্মাদনা তৈরি হয়। রাত জেগে খেলা দেখার সংস্কৃতি এ দেশে দীর্ঘদিনের। তবে এবার সম্প্রচার মাধ্যম চূড়ান্ত হওয়ায় দর্শকদের অনিশ্চয়তা কেটে গেছে।
বিশ্বকাপ ২০২৬ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে। এবারই প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে, যার ফলে ম্যাচ সংখ্যা বেড়ে দাঁড়াবে ১০৪–এ। এতে টুর্নামেন্ট আরও বড় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।
টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও বিশ্বকাপ উপভোগের সুযোগ থাকবে। বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম টফিতে সরাসরি ম্যাচ সম্প্রচারের পরিকল্পনা রয়েছে। এছাড়া গ্রামীণফোনের ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপের মাধ্যমেও দর্শকরা বিশ্বকাপের ম্যাচ দেখতে পারবেন। ফলে স্মার্টফোন, ট্যাবলেট, কম্পিউটার কিংবা স্মার্ট টিভি ব্যবহারকারীরাও সহজে খেলা উপভোগ করতে পারবেন।
হাফিজ/ আয়না নিউজ