| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুন্দরবনে গুলিতে জেলে নিহত: শোকাহত পরিবারের পাশে প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম: 19-05-2026 ইং
  • 112366 বার পঠিত
সুন্দরবনে গুলিতে জেলে নিহত: শোকাহত পরিবারের পাশে প্রতিমন্ত্রী

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় কাঁকড়া ধরতে গিয়ে বনবিভাগের গুলিতে নিহত জেলে আমিনুর রহমান গাজীর শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন সরকারের প্রতিনিধি, বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামানসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামে নিহত আমিনুর রহমান (৪৫)-এর বাড়িতে যান। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম ভার্চুয়ালি যুক্ত হয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।

প্রতিমন্ত্রী বলেন, সুন্দরবনে জেলে নিহতের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। সরকার নিহতের পরিবারের পাশে থাকবে এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

নিহত আমিনুর রহমান পাঁচ সন্তান রেখে গেছেন। বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং সন্তানদের ভবিষ্যতে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

ড. মনিরুজ্জামান বলেন, বৈধ পাস নিয়ে জীবিকার তাগিদে বনে যাওয়া একজন অসহায় জেলের ওপর গুলি চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিএনপি সবসময় এই পরিবারের পাশে থাকবে এবং এতিম সন্তানদের সহায়তায় সর্বোচ্চ চেষ্টা করবে।

আরও পড়ুন :

সাতক্ষীরায় বজ্রপাতে নারী আইনজীবীর মৃত্যু

অন্যদিকে দুপুর সাড়ে ১২টার দিকে নিহতের বাড়িতে যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। এ সময় শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

তিনি বলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি চরম অসহায় হয়ে পড়েছে। জামায়াতে ইসলামী সবসময় নির্যাতিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকে এবং ভবিষ্যতেও পাশে থাকবে।

উল্লেখ্য, গত ১৩ মে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে বৈধ পাস নিয়ে আমিনুরসহ চার জেলে সুন্দরবনে প্রবেশ করেন। ১৮ মে সকালে খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের পাটকোস্টা হেলাবাসী অভয়ারণ্য এলাকায় কাঁকড়া আহরণের সময় বনবিভাগের স্মার্ট পেট্রোলিং টিম তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই আমিনুর রহমান গাজী নিহত হন।


ঘটনার পর ক্ষুব্ধ বনজীবী ও স্থানীয় বাসিন্দারা সোমবার বিকেলে নিহতের মরদেহ নিয়ে বুড়িগোয়ালিনী এলাকায় বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ অফিস ও স্টেশন অফিসে বিক্ষোভ করেন। একপর্যায়ে অফিসে ভাঙচুর ও বনকর্মীদের মারধরের অভিযোগ ওঠে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধরা অফিসের আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি কর্মীদের মারধর করেন। এতে বনকর্মী তপন, মেজবাহ, ফারুক, এখলাছুর ও ফায়জুর আহত হন।

পরবর্তীতে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত বনকর্মীদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মোমিন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪